জল্পনায় সিলমোহর: জলহাটিতে প্রার্থী অভয়ার মা, ১৯ আসনের তৃতীয় তালিকা প্রকাশ বিজেপির – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ১৯টি আসনের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় ঘোষিত এই তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম রত্না দেবনাথ, যাকে জলহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই হাই-ভোল্টেজ কেন্দ্রে তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। দফায়-দফায় বৈঠকের পর প্রকাশিত এই তালিকায় উত্তরপাড়া থেকে প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তী এবং চুঁচুড়ায় সুবীর নাগের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন এই তালিকায় বেশ কিছু রদবদল ও বাদ পড়ার ঘটনা ঘটেছে। কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং ইংলিশবাজারের শ্রীরূপা মিত্র চৌধুরী এবার টিকিট পাননি। পরিবর্তে কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোস এবং ইংলিশবাজারে অম্লান ভাদুড়িকে প্রার্থী করেছে পদ্ম শিবির। এ ছাড়া বিষ্ণুপুর কেন্দ্রে অগ্নিশ্বর নস্করের বদলে বিশ্বজিৎ খাঁকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। শান্তিপুর, মেদিনীপুর ও চন্দননগরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলিতেও নতুন মুখের ওপর ভরসা রেখেছে দল।
বিজেপি এ পর্যন্ত অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা করলেও এখনো ১৯টি কেন্দ্রের নাম বাকি রয়েছে। শরিক দল আজসু-কে বাঁকুড়ার জয়পুর আসনটি ছাড়া হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ৪ঠা মে। শেষ মুহূর্তের এই প্রার্থী তালিকা ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, বিশেষ করে জলহাটি ও চুঁচুড়ার মতো কেন্দ্রগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।

