জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণেই চমক! ‘ধর্ম যার যার, দেশ সবার’— কী বার্তা দিলেন তারেক রহমান?
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান সম্প্রীতি ও গণতান্ত্রিক সংস্কারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারিত ভাষণে তিনি বলেন, “ধর্ম যার যার, দেশ সবার।” দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া এবং স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠাই তাঁর সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে পাহাড় ও সমতলের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের ভঙ্গুর অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, দেশে দীর্ঘদিনের ‘সিন্ডিকেট রাজ’ এবং দুর্নীতির অবসান ঘটানো হবে। রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। জবরদস্তি নয়, বরং আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এরপর সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি জননিরাপত্তা বিধান এবং মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, জনভোগান্তি কমাতে নিজের কনভয়ের গাড়ি কমিয়ে মাত্র চারটিতে নামিয়ে এনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন এই প্রধানমন্ত্রী।

