লেটেস্ট নিউজ

জাতীয় সংগীত অবমাননার অভিযোগ, তামিলনাড়ুতে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত – এবেলা

এবেলা ডেস্কঃ

অ-বিজেপি শাসিত তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বনাম রাজ্যপাল আর এন রবির সংঘাত এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছাল। মঙ্গলবার বিধানসভার অধিবেশন চলাকালীন জাতীয় সংগীতের অবমাননা এবং মাইক সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলে কক্ষত্যাগ করেন রাজ্যপাল। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রাবিড় রাজনীতির অন্দরে এখন চরম উত্তেজনা।

সংঘাতের সূত্রপাত যেভাবে প্রথা অনুযায়ী, বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করার কথা রাজ্যপালের। কিন্তু আর এন রবি সেই ভাষণ সম্পূর্ণ পাঠ না করেই বেরিয়ে যান। রাজভবনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, বিধানসভায় রাজ্যপালের মাইক বারংবার বন্ধ করে দেওয়া হচ্ছিল এবং জাতীয় সংগীতকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছিল না।

রাজ্যপালের অভিযোগ রাজ্যপাল আর এন রবির দাবি, রাজ্যে দলিত মহিলাদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের বিষয়টি সরকার পক্ষ তাঁর ভাষণে এড়িয়ে গেছে। সত্য গোপন করা এবং বিধানসভার রীতি লঙ্ঘনের প্রতিবাদেই তিনি সরব হয়েছেন। উল্লেখ্য, গত বছরও একই ধরনের অভিযোগে তিনি বিধানসভা ত্যাগ করেছিলেন।

পাল্টা তোপ স্ট্যালিনের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পালটা অভিযোগে বলেন, রাজ্যপাল নিজেই তামিলনাড়ুর ১০০ বছরের সংসদীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে অপমান করেছেন। ডিএমকে প্রতিষ্ঠাতা সি. এন. আন্নাদুরাইয়ের বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে স্ট্যালিন প্রশ্ন তোলেন, “ছাগলের দাড়ি আর রাজ্যের রাজ্যপাল— এ দুটোর প্রয়োজনীয়তা ঠিক কতটুকু?” তাঁর মতে, যিনি তামিলনাড়ুর মানুষকে সম্মান করতে পারেন না, তাঁর পদে থাকার অধিকার নেই।

নির্বাচনের প্রাক্কালে রাজভবন ও নবান্ন (তামিলনাড়ু সচিবালয়) স্তরের এই সংঘাত দক্ষিণের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *