জাদেজা ও যশস্বীকে টপকে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হলেন ২৪ বছরের রিয়ান পরাগ – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ২০২৬ আইপিএল মরশুমের আগে বড়সড় চমক দিল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। সঞ্জু স্যামসন দল ছাড়ার পর খালি হওয়া সিংহাসনে বসতে চলেছেন আসামের তরুণ তুর্কি রিয়ান পরাগ। যশস্বী জয়সওয়াল বা অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার মতো তারকাদের নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত ২৪ বছর বয়সি পরাগের উপরেই নেতৃত্বের গুরুদায়িত্ব সঁপেছে কর্তৃপক্ষ। ২০১৯ সাল থেকে দলের সঙ্গে যুক্ত থাকা এই ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে দিয়েছে।
উল্লেখ্য, সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় রাজস্থান শিবিরে নেতৃত্বের সংকট তৈরি হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর ফ্র্যাঞ্চাইজি তাদের দীর্ঘদিনের ভরসা রিয়ান পরাগকেই যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। গত দুই মরশুমে ব্যাটে-বলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখানো পরাগের হাত ধরেই আগামী মরশুমে ট্রফির লক্ষ্যে ঝাঁপাতে চাইছে রয়্যালস ব্রিগেড। একঝাঁক নতুন প্রতিভা ও অভিজ্ঞ জাদেজাকে সঙ্গে নিয়ে তরুণ পরাগ কীভাবে দলকে পরিচালনা করেন, এখন সেটাই দেখার।

