লেটেস্ট নিউজ

জাপানের কাছে ১১ গোল আর ছোট জার্সি বিভ্রাট! এশিয়ান কাপে মেয়েদের অপমানের দায়ে এবার কাঠগড়ায় কল্যাণ চৌবে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় মহিলা ফুটবলে চরম অরাজকতা! এশিয়ান কাপের লজ্জাজনক ফলের পর এবার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে তুলোধোনা করলেন মহিলা ফুটবল কমিটির প্রধান ভালেঙ্কা আলেমাও। দীর্ঘ আড়াই দশক পর যোগ্যতা অর্জন করেও কেন এমন ভরাডুবি হলো, তা নিয়ে বিস্ফোরক চিঠি পাঠিয়েছেন তিনি।

এই চিঠিতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। টুর্নামেন্টের মাত্র দেড় মাস আগে হঠাৎ কেন কোচ বদল করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভালেঙ্কা। বাংলার ঘরের ছেলে ক্রিসপিন ছেত্রীকে সরিয়ে রাতারাতি কার নির্দেশে অ্যামেলিয়া ভালভার্দেকে প্রধান কোচ করা হলো, সেই জবাব চেয়েছেন তিনি। শুধু তাই নয়, চীন সফরের বদলে কেন দলকে তুরস্কে পাঠানো হলো, সেই সিদ্ধান্ত নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছে দলের কিট নিয়ে। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে নামার মাত্র দুদিন আগে ফুটবলারদের কাছে যে জার্সি পৌঁছায়, তা ছিল বয়সভিত্তিক দলের মাপে। ফলে সঙ্গীতা-সুইটিদের মতো ৮০ শতাংশ ফুটবলারের গায়েই সেই জার্সি আঁটেনি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে কেন ফুটবলারদের এমন বঞ্চনার শিকার হতে হলো, তা নিয়ে এখন তোলপাড় ফুটবল মহল। এই সমস্ত অব্যবস্থাপনার প্রতিবাদে এবং প্রকৃত কারণ জানতে চেয়ে অবিলম্বে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকার দাবি জানিয়েছেন ভালেঙ্কা আলেমাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *