জিপিএফ সুদে স্বস্তি না অস্বস্তি? অপরিবর্তিত রইল সুদের হার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের নিরাশাজনক খবর। জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ-এ সুদের হার গত বারের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থদপ্তর। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মার্চ মাস পর্যন্ত সুদের হার ৭.১ শতাংশই থাকছে।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাস থেকে জিপিএফ-এর সুদের হারে কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত এই হারই পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে কার্যকর হয়। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরাও একই হারে সুদ পাবেন।
আয়কর ও সঞ্চয়ের ক্ষেত্রে জিপিএফ এখনও সরকারি কর্মীদের কাছে অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। নিয়মানুযায়ী, মূল বেতনের অন্তত ৬ শতাংশ এই তহবিলে জমা দেওয়া বাধ্যতামূলক। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে বেতনের বড় অংশ এখানে সঞ্চয় করেন। তবে দীর্ঘ সময় ধরে সুদের হার না বাড়ায় কর্মীদের একাংশের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে। পিএজি (PAG) অফিস নিয়মিতভাবে এই তহবিলের যাবতীয় হিসাব ও সুদের খতিয়ান বজায় রাখে।

