জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ: অনুশীলনে চোট পেলেন শিবম দুবে – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে নতুন চিন্তায় ভারতীয় দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন হাতে চোট পেলেন ফর্মে থাকা অলরাউন্ডার শিবম দুবে। বাউন্ডারি লাইনে ক্যাচ অনুশীলনের সময় একটি বল সরাসরি তাঁর আঙুলের ডগায় লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকা দুবেকে দ্রুত পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম সফল ব্যাটার দুবে। পাঁচ ম্যাচে ১৫৮ রান করে তিনি দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর চোট গুরুতর হলে সূর্যকুমার যাদবের দলের জন্য তা বড় ধাক্কা হতো। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে জানা গেছে, তাঁর চোট খুব একটা গভীর নয়। ফলে বৃহস্পতিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে রানরেট বাড়ানোই এখন ভারতের মূল লক্ষ্য। অভিষেক শর্মা, ঈশান কিষান ও তিলক বর্মারা দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন করলেও সবার নজর ছিল দুবের চোটের ওপর। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দলের ভারসাম্য বজায় রাখতে তাঁর উপস্থিতি অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

