জোড়া নিম্নচাপের জেরে ধেয়ে আসছে ৬০ কিমির কালবৈশাখী – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার রাতভর বৃষ্টির তাণ্ডব চলার বড়সড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর জানাচ্ছে, ঝাড়খণ্ডের ওপর থাকা পশ্চিমা ঝঞ্ঝা এবং দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত জোড়া নিম্নচাপ অক্ষরেখার সাঁড়াশি চাপে আজ উত্তাল হতে পারে রাজ্যের আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি চার জেলায় ধেয়ে আসছে শিলাবৃষ্টি।
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দফতর। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও স্বস্তি মিলবে না এখনই। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার পর সপ্তাহের মাঝামাঝি থেকে ফের এক ধাক্কায় পারদ চড়তে পারে ৫ ডিগ্রি পর্যন্ত। উত্তাল সমুদ্রের আশঙ্কায় মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা জলে নামতে নিষেধ করা হয়েছে।
আগামী মঙ্গলবার ফের নতুন করে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙে অতি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।

