জ্বালানি তেলের দামে বড় বদল: ১৫ দিন অন্তর রিভিউয়ের পথে কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ক্রমাগত অস্থিরতা এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণে নতুন কৌশল নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বোঝা কমাতে এবং তেল সংস্থাগুলোর আর্থিক ভারসাম্য বজায় রাখতে এখন থেকে প্রতি ১৫ দিন অন্তর জ্বালানি তেলের দাম পর্যালোচনা বা রিভিউ করার পরিকল্পনা করা হচ্ছে। সরকারি উচ্চপদস্থ সূত্রে জানা গেছে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর এবার পেট্রোল-ডিজেলের ক্ষেত্রেও এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।
কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদের (CBIC) উচ্চপর্যায়ের বৈঠকে এই সম্ভাব্য সিদ্ধান্তের কথা উঠে এসেছে। নতুন এই ব্যবস্থায় আন্তর্জাতিক বাজারের দাম, আমদানিকৃত তেলের খরচ এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। এই পর্যালোচনার মূল লক্ষ্য হলো বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে দেশের খুচরা বাজারে দামের স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারের রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ করা।
ইতিমধ্যেই কেন্দ্র পেট্রোল ও ডিজেলের ওপর লিটারপ্রতি ১০ টাকা শুল্ক কমিয়ে সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে সরকারের প্রায় ৭০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। তবে আমদানিশুল্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই আগামীতে তেলের দাম বাড়ানো বা কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের এই পদক্ষেপের ফলে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা আসবে এবং গ্রাহকরা বিশ্ববাজারের প্রকৃত হারের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

