লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটের মাঝে স্বস্তি: রাশিয়া ও আমেরিকা থেকে মেঙ্গালুরু বন্দরে ভিড়ল তেল-গ্যাসের জাহাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি সংকট অব্যাহত থাকলেও ভারতের জন্য এল বড় স্বস্তি। শনিবার সন্ধ্যায় নিউ মেঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে রাশিয়ার তেলবাহী বিশালাকার ট্যাঙ্কার ‘অ্যাকোয়া টাইটান’। চীনগামী এই জাহাজটি মাঝসমুদ্রে অভিমুখ পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছিল। এতে প্রায় ৭.৭ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। বাল্টিক সাগর থেকে যাত্রা শুরু করা এই জাহাজটি ছাড়াও আরও ছয়টি রুশ ট্যাঙ্কার ভারতের পথে রয়েছে বলে জানা গেছে।

রুশ তেলের পাশাপাশি আমেরিকা থেকেও এলপিজি নিয়ে ভারতে পৌঁছেছে পণ্যবাহী জাহাজ। টেক্সাস থেকে গত ১৪ ফেব্রুয়ারি রওনা হওয়া ‘পিক্সিস পায়োনিয়ার’ নামক জাহাজটি রবিবার মেঙ্গালুরু বন্দরে নোঙর করেছে। এতে প্রায় ১৬ হাজার ৭১৪ টন এলপিজি রয়েছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আমেরিকার বিশেষ ছাড়ের সুযোগে এই জাহাজগুলি ভারতের বন্দরে ভিড়ল। এর আগে গুজরাতেও দুটি এলপিজি ট্যাঙ্কার নোঙর করায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহে কিছুটা গতি আসবে বলে মনে করা হচ্ছে।

আগামী ২৫ মার্চ গুজরাতের সিক্কা বন্দরে ‘সুয়েজম্যাক্স জৌজো এন’ নামে আরও একটি রুশ তেলবাহী জাহাজ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হলেও সরবরাহ বজায় রাখতে এই আমদানিকৃত চালানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বাকি থাকা পাঁচটি রুশ জাহাজের আগমনের নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনও কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে মেঙ্গালুরু বন্দরে আসা এই তেল ও গ্যাস দেশের জ্বালানি চাহিদা মেটাতে বড়সড় অক্সিজেন জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *