জ্বালানি সংকটে বন্ধ কলকাতার ঐতিহ্যবাহী নাহুম বেকারি; হতাশ শহরবাসী – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটের কবলে পড়েছে কলকাতার শতাব্দীপ্রাচীন বিখ্যাত ইহুদি বেকারি ‘নাহুম অ্যান্ড সনস’। এলপিজি সিলিন্ডার সরবরাহে টান পড়ায় কর্তৃপক্ষ আগামী ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত নিউ মার্কেটের এই দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হোটেলের ঝাঁপ বন্ধের এই খবরে স্বাভাবিকভাবেই মনখারাপ শহরের কেকপ্রেমীদের।
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় এই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতেও এর প্রভাব পড়ায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মজুত জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই সাময়িকভাবে উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে হয়েছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে।
শতবর্ষপ্রাচীন এই বেকারির বন্ধ হওয়া এক বিরল ঘটনা। এর আগে ২০১৩ সালে কর্ণধার ডেভিড নাহুমের প্রয়াণে এবং ২০২০ সালে অতিমারি আবহে দোকানটি বন্ধ ছিল। বর্তমানে বিশ্বরাজনীতির প্রভাবে আবারও নাহুমের বিখ্যাত প্লাম ও ফ্রুট কেকের স্বাদ থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন অগণিত অনুরাগী।

