লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে ভারত: আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহ – এবেলা

এবেলা ডেস্কঃ

তীব্র জ্বালানি সংকটের মোকাবিলায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও অভ্যন্তরীণ তেলের ক্রমবর্ধমান চাহিদার মধ্যেও অতিরিক্ত ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠিয়েছে নয়াদিল্লি। শুক্রবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে ভারত থেকে মোট ১৫ হাজার টন ডিজেল পেল ঢাকা।

দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে আগামী ২৮ মার্চ আরও ৬ হাজার টন ডিজেল পাম্পিংয়ের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া, আসন্ন এপ্রিল মাসে অতিরিক্ত ৪০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে ভারত, যা বাংলাদেশ সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে অনিশ্চয়তা সত্ত্বেও এই সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

ভারত সরকার দেশের অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বিমান ও সাধারণ জ্বালানির ওপর অন্তঃশুল্ক কমানোর মতো একাধিক পদক্ষেপ নিয়েছে। মূলত তেল বিপণনকারী সংস্থাগুলোর লোকসান কমাতে এবং খুচরা বাজারে দামের ওপর চাপ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠিন সময়ে ভারতের এই সহযোগিতা দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *