লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট: কাঠ পাচার রুখতে উত্তরবঙ্গের জঙ্গলে হাই অ্যালার্ট, জারি কড়া নজরদারি – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের জেরে হোটেল, রেস্তোরাঁ ও গৃহস্থালিতে বিকল্প জ্বালানি হিসেবে কাঠের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে কাঠ পাচারের আশঙ্কা করছে বনদপ্তর। বনের গাছ বাঁচাতে এবং চোরাকারবারিদের রুখতে জলপাইগুড়ি বন বিভাগের প্রতিটি রেঞ্জ ও বিটে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জলপাইগুড়ি বন বিভাগের ৮টি রেঞ্জ এবং ২৫টি বিটে দিন ও রাতের টহলদারি বা পেট্রোলিং উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বনাধিকারিক জিজু জেসপার জে-র নির্দেশে জঙ্গলে বহিরাগতদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বনদপ্তর স্পষ্ট জানিয়েছে, বনের ভেতর কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি গ্রেফতার করা হবে।

জঙ্গল সংলগ্ন গ্রাম ও বনবস্তিগুলোতেও সচেতনতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। বনদপ্তরের মতে, কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্যপ্রাণীর হামলার মুখে পড়ে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। বর্তমানে জ্বালানি কাঠের বিক্রি একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় বনজ সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ নজরদারি জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *