লেটেস্ট নিউজ

ঝাড়গ্রামে রান্নার গ্যাসের তীব্র সংকট: ভোর থেকে টোকেনের অপেক্ষায় গ্রাহক – এবেলা

এবেলা ডেস্কঃ

ঝাড়গ্রাম জেলাজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহের দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘক্ষণ ফোন বা হোয়াটসঅ্যাপে চেষ্টা করেও বুকিং করা যাচ্ছে না। ফলে নিরুপায় হয়ে ঝাড়গ্রাম শহরের গ্যাস এজেন্সিগুলোর সামনে ভোর ৫টা থেকে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। ডিলার অফিস থেকে নির্দিষ্ট সংখ্যক টোকেন দেওয়া হচ্ছে, যা না পেলে মিলছে না সিলিন্ডার।

গ্যাস না পেয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শহরের অনেক হোটেল ও খাবারের দোকানে বাণিজ্যিক গ্যাসের অভাবে ইটের উনুন বানিয়ে কাঠে রান্না করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাজার থেকে ইন্ডাকশন ওভেন কিনছেন। ডিস্ট্রিবিউটরদের দাবি, কো ম্পা নি থেকে সময়মতো গ্যাসের গাড়ি না আসায় এবং বুকিংয়ের চাপ দ্বিগুণ হওয়ায় সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে এই অচলাবস্থা।

জেলাশাসক আকঙ্খা ভাস্কর জানিয়েছেন, জেলায় এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে। তবে বিনপুর-২ ব্লকের শিলদাসহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ গ্যাস সিলিন্ডার না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরছেন। এজেন্সিগুলোর সামনে টোকেন পাওয়া নিয়ে উত্তেজনা ছড়ালেও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *