লেটেস্ট নিউজ

টলিউড টেকনিশিয়ানদের মুখে হাসি ফুটিয়ে খুশির খবর দিলেন দেব – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউডের রুপোলি পর্দার আড়ালে থাকা হাজার হাজার নেপথ্য কারিগরের জন্য এল বড় স্বস্তির খবর। অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবের বিশেষ উদ্যোগে এবার রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ বিমা প্রকল্পের আওতায় আসছেন টালিগঞ্জের প্রায় ৭ হাজার টেকনিশিয়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মীরা এবং তাঁদের পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।

দীর্ঘদিন ধরেই স্টুডিওপাড়ার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত ছিলেন দেব। এই বিষয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন। তাঁর সেই আর্জি গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে দেব বলেন, “দিদি আমার অনুরোধ রেখেছেন।” এর আগে ফেডারেশন অফ সিনেমা টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনে থাকা কর্মীরা বিমার সুবিধা পেলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে অসুস্থতা বা দুর্ঘটনার সময় চরম আর্থিক সংকটে পড়তেন কর্মীরা। এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাঁরা সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন।

এই প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ১৭ মার্চ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে টেকনিশিয়ানরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব ইতিমধ্যেই স্টুডিওপাড়ার সমস্ত কর্মীদের এই ক্যাম্পে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। টলিউডের সাধারণ কর্মীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এই উদ্যোগকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *