টসে পাকিস্তানকে হারিয়েছিল ভারত! রাষ্ট্রপতির ঐতিহাসিক ‘বাগ্গি’র গল্প জানলে অবাক হবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
৭৭তম সাধারণতন্ত্র দিবসেও বজায় থাকল রাজকীয় ঐতিহ্য। প্রতিবারের মতো এবারও রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক ঘোড়ায় টানা গাড়ি বা ‘বাগ্গি’তে চড়ে কর্তব্যপথে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লায়েন। তবে এই আভিজাত্যপূর্ণ ঘোড়ার গাড়ির মালিকানা পাওয়ার লড়াই ছিল সিনেমার চিত্রনাট্যের মতোই রোমাঞ্চকর।
ভারত-পাক টস ভাগ্য
দেশভাগের সময় রাজকীয় এই সম্পদ ভাগ করা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। দুই দেশই বাগ্গিটি নিজেদের অধীনে রাখতে চেয়েছিল। শেষ পর্যন্ত সমাধান বের করতে অভিনব এক টসের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের তরফে ছিলেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং এবং পাকিস্তানের পক্ষে শাহজাদা ইয়াকুব খান। সেই টসে জয়ী হয় ভারত, আর এভাবেই ব্রিটিশ আমলের এই অমূল্য সম্পদ পাকাপাকিভাবে ভারতের থেকে যায়।
বাগ্গি গাড়ির আভিজাত্য
কালো রঙের এই রাজকীয় বাগ্গিটি ৬টি শক্তিশালী ঘোড়া টেনে নিয়ে যায়। এর গায়ে খোদাই করা আছে জাতীয় প্রতীক অশোক চক্র এবং ভেতরে রয়েছে নরম ভেলভেটের আসন। ব্রিটিশ যুগে ভাইসরয়রা এটি ব্যবহার করতেন। নিরাপত্তার কারণে মাঝে প্রায় ৪০ বছর এটি বন্ধ রেখে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা শুরু হয়েছিল। তবে ২০১৪ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিটিং রিট্রিট অনুষ্ঠানে ফের এটি ব্যবহার করেন। এরপর ২০২৪ সাল থেকে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাষ্ট্রপতির যাত্রায় পুনরায় ব্রাত্য হয়েছে আধুনিক গাড়ি, ফিরে এসেছে এই সোনালি ইতিহাস।

