টানা পাঁচ দিন মিলবে না ব্যাংক পরিষেবা, বিপাকে পড়ার আগেই জেনে নিন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামীকাল শুক্রবার থেকে দেশজুড়ে টানা পাঁচ দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকতে চলেছে। মূলত নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে শুক্রবার ছুটির পর চতুর্থ শনিবার এবং রবিবার নিয়মিত বন্ধের আওতায় থাকছে ব্যাংক। এরপর সোমবার সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় দীর্ঘ হচ্ছে এই বিরতি। তবে ছুটির তালিকা এখানেই শেষ নয়, আগামী ২৭ জানুয়ারি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে কারণ ধর্মঘটে এটিএম কর্মীরাও শামিল হওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে মাসের শেষে নগদের সংকটে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাংক ইউনিয়নগুলোর পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়ায় চেক ক্লিয়ারেন্স থেকে শুরু করে জমা ও উত্তোলনের মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে। প্রয়োজনীয় আর্থিক লেনদেন আজই সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ মঙ্গলবারের আগে স্বাভাবিক ছন্দে ফিরছে না ব্যাংকিং সেক্টর।

