টিকিট না পেয়েই কি পুরনো ঘরে ফিরছেন বাদুড়িয়ার দিলু? ভোটের মুখে তৃণমূল বিধায়কের ইস্তফায় তুঙ্গে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে চরম ক্ষোভ উগরে দিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম ওরফে দিলু। দলীয় টিকিট না মেলায় দীর্ঘদিনের ‘অভিমান’ থেকেই ঘাসফুল শিবির ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি। রবিবাসরীয় সকালে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে নিজের পদত্যাগের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নেতা। আর এই পদত্যাগকে কেন্দ্র করেই এখন বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ দানা বাঁধছে।
বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম ওরফে লিটনকে এবার বাদুড়িয়ায় টিকিট দিয়েছে তৃণমূল। তারপর থেকেই দলের সাথে দূরত্ব বাড়ছিল দিলুর। অবশেষে দল ছাড়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— তবে কি ফের হাত শিবিরেই ফিরছেন তিনি? পৈতৃক পরিচয়ে কংগ্রেসি পরিবারের সন্তান দিলু ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। এবার কি তবে ফের ‘ঘর ওয়াপসি’র পালা?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ইস্তফাপত্রে নিজের যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন বিদায়ী বিধায়ক। তিনি লিখেছেন যে আদর্শ ও বাস্তবতার মধ্যে গভীর ফারাক তৈরি হওয়ায় তিনি ব্যথিত। বিশেষ করে ২০২১-এর লড়াকু কর্মীদের অবজ্ঞা করে বিরোধিতাকারীদের পঞ্চায়েতে টিকিট দেওয়া এবং উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়াকেই তিনি দলত্যাগের প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন। অন্যায়ের সঙ্গে আপস না করার অঙ্গীকার করে তিনি জানিয়েছেন যে মানুষের পাশে থাকার লড়াই তিনি চালিয়ে যাবেন। তবে কংগ্রেসের টিকিটে তিনি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন দিলু।

