লেটেস্ট নিউজ

টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেতা, যোগ দিলেন কংগ্রেসে – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা জেলা খেতমজুর সংগঠনের সভাপতি খোকন মিঞা আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলত্যাগ করলেন। শনিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ‘হাত’ শিবিরে যোগ দেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত থাকা এই নেতার আকস্মিক দলবদলে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলত্যাগের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে খোকন মিঞা অভিযোগ করেন, বর্তমানে পুরনো কর্মীদের গুরুত্ব কমিয়ে দল যেন কর্পোরেট হাউসের নির্দেশে চলছে। কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে তার। খোকন মিঞার দাবি, কোচবিহারের ৯টি আসনেই জয় নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য। নিজের প্রাক্তন দলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

খোকন মিঞার এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি আবদুল জলিল আহমেদ। তার মতে, মান-অভিমান থাকলে তা আলোচনার মাধ্যমে মেটানো উচিত ছিল, দলত্যাগ কোনো সমাধান নয়। তবে জেলা তৃণমূল নেতৃত্ব আশাবাদী যে খোকন মিঞাকে পুনরায় দলে ফিরিয়ে আনা সম্ভব হবে। গোষ্ঠীদ্বন্দ্বের এই ছায়া ছাব্বিশের নির্বাচনে শাসক দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *