লেটেস্ট নিউজ

টি২০ বিশ্বকাপ: ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেষ পর্যন্ত কি টুর্নামেন্টে খেলবে বাবর আজমরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

টি২০ বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা চরমে পৌঁছেছে। পাকিস্তান ক্রিকেট দল কি শেষ পর্যন্ত এই মেগা টুর্নামেন্টে খেলবে, নাকি নাম প্রত্যাহার করে নেবে—এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে সাসপেন্স অব্যাহত। এই জটিল পরিস্থিতির মাঝেই সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভি।

সম্প্রতি ভারতে খেলতে অস্বীকার করায় আইসিসি বাংলাদেশকে বহিষ্কার করেছে। এই ঘটনার পর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল। সেই থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মহসিন নকভি জানিয়েছেন, ২০২৬ টি২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা পরের সপ্তাহের সোমবার (২ ফেব্রুয়ারি)। তবে পাকিস্তানের এই অবস্থানকে অনেকেই ‘নতুন নাটক’ হিসেবে দেখছেন। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট করবে না, তবে কলম্বোতে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি না খেলার পরিকল্পনা করছে তারা।

পিসিবি প্রধানের বক্তব্য

বৈঠক শেষে সমাজমাধ্যমে একটি পোস্ট করে মহসিন নকভি লেখেন, “প্রধানমন্ত্রী মিয়াঁ মহম্মদ নওয়াজ শরিফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসি-র বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি সমস্ত দিক খতিয়ে দেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। আমরা একমত হয়েছি যে, আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

উল্লেখ্য, এই অনিশ্চয়তার মধ্যেই গত রবিবার টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। একদিকে দল ঘোষণা এবং অন্যদিকে বয়কটের প্রচ্ছন্ন হুমকি—পাকিস্তানের এই দ্বিমুখী অবস্থান ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। এখন দেখার বিষয়, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তান সরকার ও পিসিবি চূড়ান্ত কী পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *