টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের মরণ-বাঁচন লড়াই, নজর আবহাওয়ার দিকে
২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থানে থাকলেও, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাবর-সলমানদের আজ জয়ের কোনো বিকল্প নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আজকের ম্যাচটি তাদের জন্য কার্যত জীবন-মরণের লড়াইয়ে পরিণত হয়েছে।
পাল্লেকেলের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, ফলে পূর্ণ ৪০ ওভারের ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া অনুকূলে থাকায় দুই দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি সারছে।
বড় ম্যাচে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সলমান আগা এবং ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। দুই দলেই শাহিন আফ্রিদি ও জোফরা আর্চারের মতো তারকা পেসাররা থাকায় ক্রিকেটপ্রেমীরা একটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা করছেন। পাকিস্তান শিবিরে বাবর আজম ও ফখর জামানের ব্যাটে বড় রানের প্রত্যাশা থাকলেও ইংল্যান্ডের ফিল সল্ট ও জস বাটলাররা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

