ট্রাম্পকে খুনের ষড়যন্ত্র, আততায়ীর খোঁজে টিকটকে বিজ্ঞাপন, অবশেষে গ্রেপ্তার মহিলা – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ওয়েস্ট ভার্জিনিয়া থেকে ৩৯ বছর বয়সি এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মরগ্যান মোরো, যিনি পেশায় একজন লাইব্রেরি কর্মী। অভিযোগ, ট্রাম্পকে খতম করার জন্য একজন দক্ষ স্নাইপার চেয়ে নেটমাধ্যমে রীতিমতো বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ জানুয়ারি টিকটকে একটি রহস্যময় পোস্ট করেন মরগ্যান। সেখানে তিনি লিখেছিলেন, ‘৩৪৩ মিলিয়ন মানুষের মধ্যে একজন পিছুটানহীন স্নাইপার খুঁজে পাওয়া কি খুব কঠিন?’ এই পোস্ট ঘিরেই দানা বাঁধে সন্দেহ। তদন্তকারীরা নিশ্চিত হন যে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উস্কানি দিতেই এই বার্তা ছড়ানো হয়েছে।
সোমবার র্যাভেন্সউড পুলিশ এবং ব্যুরো অফ ইনভেস্টিগেশন যৌথ অভিযান চালিয়ে মোরোকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। জেরায় ওই মহিলা ট্রাম্পকে খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তবে কী কারণে তাঁর এই আক্রোশ, তা এখনও স্পষ্ট নয়। শেরিফ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনও রাজনৈতিক মতপ্রকাশ নয়, বরং একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার জনসভায় এক আততায়ীর গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। এই আবহে টিকটকে ‘হত্যাকারী’ চেয়ে বিজ্ঞাপন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়।
