ট্রাম্পের করের কোপ নাকি তেলের রাজনীতি? ভারত-রাশিয়া বাণিজ্য সম্পর্কে হঠাৎ বড়সড় ধস – এবেলা
এবেলা ডেস্কঃ
February 19, 202610:01 am
রাশিয়া থেকে ভারতের পণ্য আমদানির গ্রাফে দেখা দিল এক নজিরবিহীন পতন। মাত্র এক বছরের ব্যবধানে এই আমদানির পরিমাণ প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জলঘোলা। ২০২৫ সালের জানুয়ারিতেও রাশিয়া থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ৪৮১ কোটি ডলার, কিন্তু চলতি বছরের জানুয়ারিতে তা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ২৮৬ কোটি ডলারে।
ভারতের এই পদক্ষেপের নেপথ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আমদানির বড় অংশই ছিল অপরিশোধিত খনিজ তেল। সাম্প্রতিক সময়ে ভারতীয় তেল শোধনাগারগুলি রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে।
নয়াদিল্লির এই কৌশলগত পরিবর্তনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত কড়া বাণিজ্যিক নীতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বা করের চাপে রাশিয়ার সঙ্গে লেনদেনে ভারত আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্যের অস্থিরতা এবং মার্কিন নিষেধাজ্ঞার ভীতি—এই দুইয়ের যাঁতাকলে পড়ে ভারত এখন বিকল্প বাজারের সন্ধানে মন দিয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছে এই পরিসংখ্যান।
জানুয়ারির এই পতন কি দীর্ঘমেয়াদী কোনও প্রভাব ফেলবে? নাকি ট্রাম্পের কর নীতির সাথে মানিয়ে নিতে ভারত রাশিয়ার বদলে অন্য দেশগুলোর দিকে স্থায়ীভাবে ঝুঁকে পড়বে? এখন সেটাই দেখার অপেক্ষায় আন্তর্জাতিক বাণিজ্যিক মহল।

