ট্রাম্পের ‘বেপরোয়া’ হুমকিতে ফুঁসছে ইরান, বিশ্বমঞ্চে নালিশ জানিয়ে চরম হুঁশিয়ারি তেহরানের! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভকারীদের ওপর হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকির কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। শুক্রবার রাষ্ট্রসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের প্রতিনিধি আমির সইদ ইরাভানি ট্রাম্পের মন্তব্যকে ‘বেপরোয়া ও উসকানিমূলক’ বলে অভিহিত করেছেন। একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে বিশ্ব সংস্থাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
গত বছরের শেষ থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে হতাহতের ঘটনায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে আমেরিকা চুপ থাকবে না। এর জবাবে ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের নিরাপত্তায় হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বহিরাগত চাপ বা সামরিক হস্তক্ষেপের যেকোনো চেষ্টাকে রাজনৈতিক স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছে ইরান।

