লেটেস্ট নিউজ

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ ভারতের যোগদান, জাতিসংঘকে ছাপিয়ে যাওয়ার নয়া জল্পনা

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নিল ভারত। গত মাসে দাভোসের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে ঘোষিত এই সংস্থার লক্ষ্য গাজা পুনর্গঠন ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা। বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নামগ্যা সি খাম্পা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পূর্ণ সদস্যপদ গ্রহণের বিষয়টি এখনও পর্যালোচনাধীন থাকলেও ভারত এই উদ্যোগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।

আমেরিকার এই নতুন সংস্থাটি জাতিসংঘের বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারে বলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। বৈঠকে ইজরায়েল, মিশর ও সৌদি আরবসহ ২৭টি দেশ পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়। গাজা পুনর্গঠনের জন্য বিভিন্ন মুসলিম দেশ থেকে ৭ বিলিয়ন ডলার এবং আমেরিকা থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া মরক্কো ও কাজাখস্তানসহ বেশ কিছু দেশ সেখানে শান্তি রক্ষায় হাজার হাজার সেনা পাঠানোর ঘোষণা করেছে।

জাতিসংঘকে পাশ কাটিয়ে সমান্তরাল শক্তি গঠনের অভিযোগ উঠলেও ট্রাম্প দাবি করেছেন, এই বোর্ড আদতে জাতিসংঘকেই শক্তিশালী করবে। তাঁর মতে, সঠিক নেতৃত্বের অভাবে জাতিসংঘের সম্ভাবনা কাজে লাগানো যায়নি, যা ‘বোর্ড অব পিস’ পূরণ করবে। তবে এই সংস্থায় ভারতের সক্রিয় অংশগ্রহণ দক্ষিণ এশিয়ায় আমেরিকার নয়া কৌশলগত সমীকরণে দিল্লির গুরুত্বকেই পুনর্ব্যক্ত করছে। প্রায় ৫০টি দেশের উপস্থিতিতে এই বৈঠক বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় হিসেবে চিহ্নিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *