ট্রাম্পের যুদ্ধবিরতি বার্তার মাঝেই গর্জে উঠল ইরান, ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানোর ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তখনই ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করল ইরান। ৪০০০ কিলোমিটার দূরের এই লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনায় তেহরানের প্রকৃত সামরিক শক্তি নিয়ে নতুন করে আতঙ্ক দানা বাঁধছে।
ঘাঁটিতে জোড়া মিসাইল, পাল্টা ব্যবস্থা পেন্টাগনের ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ইরান থেকে দুটি মাঝারি পাল্লার মিসাইল ছোড়া হয়। এর মধ্যে একটি মাঝপথে বিকল হলেও অন্যটিকে রুখতে মার্কিন যুদ্ধজাহাজ থেকে আধুনিক ‘SM-3 ইন্টারসেপ্টর’ ব্যবহার করা হয়। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সফল হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
সীমা ছাড়াল ইরানের শক্তি ইরান এর আগে দাবি করেছিল তাদের মিসাইলের পাল্লা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ৪,০০০ কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে এই হামলা প্রমাণ করছে যে তেহরানের অস্ত্রভাণ্ডার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দূরপাল্লার।
যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অনড় অবস্থান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এখনই কোনো প্রথাগত যুদ্ধবিরতি চান না। হোয়াইট হাউসের বাইরে তিনি স্পষ্ট করেন, ইরানকে পরমাণু শক্তি থেকে দূরে রাখা এবং তাদের সামরিক কাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়াই আমেরিকার মূল লক্ষ্য। তবে কাজ শেষ হলে দ্রুত সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
বিশ্বজুড়ে হামলার হুঁশিয়ারি পাল্টা জবাবে ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সতর্ক করেছেন যে, শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের যে কোনো প্রান্তে থাকা শত্রুদের বিনোদন কেন্দ্র বা পর্যটন এলাকাগুলোও এখন আর নিরাপদ নয়। এদিকে কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারেও ড্রোন হামলা চালিয়েছে ইরান, যা বিশ্ব বাজারে জ্বালানি সঙ্কটের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
ইজরায়েল দাবি করছে ইরানের শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু তেহরানের এই সাম্প্রতিক হামলা ও পাল্টা হুঁশিয়ারি পুরো পরিস্থিতিকে এক নতুন যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।

