ট্রাম্পের রণতরী ধ্বংস করতে ইরানের হাতে চিনা ব্রহ্মাস্ত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নয়া মোড়। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তির জন্য ১০ দিনের চরম হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে আমেরিকার ‘নির্ঘাত মৃত্যু’ নিশ্চিত করতে চিনের সঙ্গে হাত মেলাল তেহরান। জানা গেছে, চিনের সবথেকে শক্তিশালী অ্যান্টি-শিপ মিসাইল CM-302 কিনতে চলেছে ইরান।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই মিসাইলটি বর্তমান বিশ্বের অন্যতম বিপজ্জনক অস্ত্র। সমুদ্রের বুক চিরে অত্যন্ত নিচ দিয়ে উড়ে গিয়ে এটি চোখের পলকে যে কোনো বিশালাকায় রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে সক্ষম। প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার এই সুপার-সোনিক মিসাইলটি রাডারের নজরদারি এড়িয়ে নিখুঁত লক্ষ্যভেদে ওস্তাদ।
বিগত দুই বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চললেও, সম্প্রতি ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের পর এই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। শুধু মিসাইল নয়, চিন থেকে সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং স্যাটেলাইট ধ্বংসকারী প্রযুক্তি নেওয়ার বিষয়েও আলোচনা চালাচ্ছে ইরান। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেজিং ও তেহরানের এই সামরিক আঁতাত আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের হুমকির মুখে দাঁড়িয়ে এই চিনা অস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

