ট্রাম্পের শুল্ক ধাক্কা! রেকর্ড পতন ভারতীয় মুদ্রার – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির ধাক্কায় আন্তর্জাতিক বাজারে মুখ থুবড়ে পড়ল ভারতীয় মুদ্রা। দেশের অভ্যন্তরীণ জিডিপি বৃদ্ধি সত্ত্বেও বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে টাকার দর সর্বকালের সর্বনিম্ন ৯১.৯৮৫০-এ নেমে এসেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বাণিজ্যিক নীতির প্রভাবে গত কয়েক মাসেই টাকার মান প্রায় ৫% হ্রাস পেয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা লাগাতার ভারতীয় বাজার থেকে পুঁজি সরিয়ে নেওয়ায় এবং ডলারের চাহিদা তুঙ্গে ওঠায় এই সংকট তৈরি হয়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৮.২% হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্যের চাপ ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কায় লগ্নিকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফলে টাকার মান এখন ঐতিহাসিক নিম্নস্তরে দাঁড়িয়ে।

