ট্রাম্পের হুঙ্কার এক ধাক্কায় খতম ইরানের ৪৮ শীর্ষ নেতা, খামেনেইর মৃত্যুতে তোলপাড় বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার যুদ্ধ ঘোষণার পর রবিবাসরীয় সকালে ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের সাফল্যের খতিয়ান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ প্রশাসনের মোট ৪৮ জন শীর্ষ নেতা এই হামলায় নিহত হয়েছেন। ট্রাম্পের মতে, সামরিক অভিযান নির্ধারিত সময়ের আগেই এবং “আশাতীত সাফল্যের” সাথে এগিয়ে চলেছে।
পাল্টা মার দিচ্ছে ইরানও। মধ্য ইজরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এখানেই শেষ নয়, দুবাই, আবুধাবি ও রিয়াধের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তেহরান। এমনকি আমেরিকার গর্বের রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এ ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
এদিকে জনবহুল আরব আমিরশাহীতে ইরানি হামলার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দুবাই ও আবুধাবি প্রশাসন। প্রতিবেশীদের ওপর হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক করে আমিরশাহী জানিয়েছে, এই যুদ্ধ ইরানের নিজস্ব এবং তা যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর চাপিয়ে না দেওয়া হয়।

