লেটেস্ট নিউজ

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম অমান্য করলে ধ্বংস হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র: ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি সাফ জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক এই জলপথ সম্পূর্ণ বিপদমুক্ত ও উন্মুক্ত না করলে ইরানের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালাবে আমেরিকা। মঙ্গলবার সকালের মধ্যে তেহরান পদক্ষেপ না নিলে মার্কিন রণতরী ও যুদ্ধবিমানগুলো ইরানের জ্বালানি পরিকাঠামো গুঁড়িয়ে দিতে শুরু করবে।

পাল্টা জবাবে তেহরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ জানিয়েছে, ইরানের বিদ্যুৎ বা জ্বালানি কেন্দ্রে কোনো আঘাত আসলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সমস্ত তথ্যপ্রযুক্তি, জল শোধন প্রকল্প এবং জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ইরানের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন এক চরম সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *