ট্রেন লেটেই ভেস্তে গেল পরীক্ষা, রেলকে ৯ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের – এবেলা
এবেলা ডেস্কঃ
লখনউ: ট্রেনের আড়াই ঘণ্টা বিলম্বের মাসুল গুনতে হচ্ছে ভারতীয় রেলকে। সাত বছর আগের এক ঘটনার জেরে এক পরীক্ষার্থীকে ৯ লক্ষ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত।
২০১৮ সালের ৭ মে উত্তরপ্রদেশের বস্তির বাসিন্দা সমৃদ্ধি বিএসসি বায়োটেকনোলজির প্রবেশিকা পরীক্ষা দিতে ইন্টারসিটি সুপারফাস্ট ট্রেনে লখনউ যাচ্ছিলেন। সকাল ১১টায় ট্রেন পৌঁছনোর কথা থাকলেও তা পৌঁছয় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে। ফলে পরীক্ষা দিতে পারেননি ওই তরুণী। নিজের ভবিষ্যৎ নষ্ট হওয়ার অভিযোগে ২০ লক্ষ টাকা দাবি করে আদালতের দ্বারস্থ হন তিনি।
মামলা চলাকালীন রেল বিলম্বের কথা স্বীকার করলেও কোনো সদুত্তর দিতে পারেনি। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে আদালত জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে ৯ লক্ষ ১০ হাজার টাকা মেটাতে হবে রেলকে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে ১২ শতাংশ হারে অতিরিক্ত সুদ গুনতে হবে কর্তৃপক্ষকে।

