ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখা: প্রেসক্রিপশন অডিটে স্বাস্থ্যভবনের চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রেসক্রিপশন নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে স্বাস্থ্যভবনের সাম্প্রতিক অডিটে। গত তিন মাস ধরে মেডিকেল কলেজ থেকে গ্রামীণ হাসপাতাল পর্যন্ত লক্ষাধিক প্রেসক্রিপশন যাচাই করে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রেই চিকিৎসকদের হাতের লেখা অত্যন্ত দুর্বোধ্য। এমনকি অডিট কমিটির বিশেষজ্ঞ চিকিৎসকরাই সহকর্মীদের লেখা পড়তে হিমশিম খাচ্ছেন। ফলে সাধারণ রোগী ও ফার্মাসিস্টদের পক্ষে সঠিক ওষুধ নির্বাচন করা প্রায় আসাম্ভব হয়ে পড়ছে।
অডিটের তথ্য অনুযায়ী, ৮০ শতাংশ প্রেসক্রিপশনেই অ্যান্টিবায়োটিক লেখা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। তবে ইতিবাচক দিক হলো, সতর্ক করার পর চিকিৎসকদের পূর্ণ সাক্ষর দেওয়ার প্রবণতা ২০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ওষুধের জেনেরিক নাম লেখার ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা গেছে। আগে ৯০ শতাংশ ক্ষেত্রে ব্র্যান্ডের নাম লেখা হলেও, বর্তমানে তা কমে ৪০ শতাংশে নেমে এসেছে।
হাতের লেখার এই সমস্যার কারণে কালিয়াচকের বিবেক পালের মতো অসংখ্য রোগী হয়রানির শিকার হচ্ছেন। ফার্মাসি কাউন্টার থেকে ওষুধ না পেয়ে রোগীদের পুনরায় চিকিৎসকের দ্বারস্থ হতে হচ্ছে। সরকারি চিকিৎসকদের একাংশের দাবি, বিপুল সংখ্যক রোগী দেখার চাপে প্রতিটি প্রেসক্রিপশন পরিষ্কার করে লেখা কঠিন হয়ে পড়ে। স্বাস্থ্যভবন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং প্রেসক্রিপশনকে একটি সঠিক আইনি নথি হিসেবে গড়ে তুলতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

