ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে আইসিএমআরের নতুন ‘পলি-হার্বাল ফর্মুলা’ – এবেলা
এবেলা ডেস্কঃ
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্থূলতা কমাতে এক বিশেষ ‘পলি-হার্বাল এক্সট্র্যাক্ট’ উদ্ভাবন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। হায়দরাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন (এনআইএন)-এর সহযোগিতায় তৈরি এই ভেষজ মিশ্রণটি মূলত রান্নাঘরের পাঁচটি পরিচিত মশলা—আদা, হলুদ, আমলকি, দারচিনি এবং গোলমরিচের নির্যাস থেকে তৈরি। গবেষকদের দাবি, এই দাওয়াই কেবল ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়, শরীরের বাড়তি মেদ ঝরাতেও কার্যকর ভূমিকা পালন করবে।
বাজারের প্রচলিত ওষুধগুলো সাধারণত রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, তবে আইসিএমআরের এই নতুন ফর্মুলাটি শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে এবং ক্ষতিকারক টক্সিন দূর করতে সক্ষম। ডায়াবেটিসজনিত জটিলতা যেমন রেটিনোপ্যাথি, ফুট আলসার কিংবা কিডনি ও স্নায়ুর ক্ষতি রোধে এই মিশ্রণটি বিশেষ সহায়ক হবে। পাশাপাশি, শরীরের বিপাকহার বাড়িয়ে লিভারে মেদ জমা রোধ করতেও এটি সাহায্য করবে বলে জানানো হয়েছে।
বর্তমানে এই ‘পলি-হার্বাল এক্সট্র্যাক্ট’ গবেষণাগারে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গবেষকরা জানিয়েছেন, মানুষের ওপর সফল ট্রায়াল সম্পন্ন হওয়ার পর দ্রুত এটি বাজারে আনা হবে। তবে এটি মূল ওষুধের বিকল্প হিসেবে নয়, বরং ডায়াবেটিস ও স্থূলতা নিরাময়ে একটি অত্যন্ত কার্যকর সহায়ক চিকিৎসা বা ‘সাপোর্টিভ থেরাপি’ হিসেবে ব্যবহৃত হবে। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও অনেক কম থাকবে বলে আশা করা হচ্ছে।

