ডায়াবেটিস নিয়ন্ত্রণে অব্যর্থ দাওয়াই পর্যাপ্ত ঘুম, গবেষণায় নয়া তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
এমরি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ১৮ মিনিট ঘুম অত্যন্ত জরুরি। শরীরের বিপাকক্রিয়া, হরমোনের ভারসাম্য এবং ইনসুলিনের কার্যকারিতা বজায় রাখতে সুষম খাদ্য ও ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের ভূমিকা অপরিসীম। গবেষকদের মতে, নির্দিষ্ট সময় ঘুমালে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি কমে, যা টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
দীর্ঘদিন ঘুমের ঘাটতি হলে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, ফলে কোষগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায়। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় এবং খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের পরিবর্তনের কারণে স্থূলতার ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে, দৈনিক সাড়ে ৭ ঘণ্টার বেশি অতিরিক্ত ঘুমও শরীরের বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় সতর্ক করা হয়েছে।
সুস্থ জীবনযাপনের জন্য গবেষকরা প্রতিদিনের ঘুমের রুটিন মেনে চলার ওপর জোর দিয়েছেন। সপ্তাহের কাজের দিনগুলোতে কম ঘুমিয়ে ছুটির দিনে সেই ঘাটতি পূরণের চেষ্টা দীর্ঘমেয়াদী সুফল দেয় না। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগ দূরে রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিমিত ও গভীর ঘুম হওয়া একান্ত প্রয়োজন।

