লেটেস্ট নিউজ

ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড, বড় রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে – এবেলা

এবেলা ডেস্কঃ

ঢাকা: বাংলাদেশের ২০২৪-এর ছাত্র আন্দোলনের সময় চানখাঁরপুল এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঐতিহাসিক রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা আমলের দাপুটে পুলিশ অফিসার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আধিকারিক হলেন প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মহম্মদ আখতারুল ইসলাম। ফাঁসির আদেশের পাশাপাশি দণ্ডিতদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।

কারাদণ্ড আরও চার পুলিশকর্মীর

একই মামলায় অপরাধের গুরুত্ব বিবেচনা করে অন্যান্য পুলিশ কর্মীদেরও সাজা শুনিয়েছে ট্রাইব্যুনাল:

  • মহম্মদ আরশাদ হোসেন (প্রাক্তন পরিদর্শক, শাহবাগ থানা): ৪ বছরের কারাদণ্ড।
  • মহম্মদ সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেন (প্রাক্তন কনস্টেবল): প্রত্যেকের ৩ বছর করে কারাদণ্ড।

প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রতিক্রিয়া

২০২৪ সালের অগস্টের গণআন্দোলনের সময় সংগঠিত অপরাধের বিচার প্রক্রিয়ায় এটি দ্বিতীয় বড় রায়। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল এই ট্রাইব্যুনাল। যদিও তাঁরা বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

এই রায়কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক প্রহসন’ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধীদের বিচার নিশ্চিত করাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *