ডিজিটাল অ্যারেস্ট রুখতে মোক্ষম চাল কেন্দ্রের, চিরতরে বন্ধ হবে প্রতারকদের ফোন – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল গ্রেপ্তারি প্রতারণা রুখতে এবার সরাসরি প্রতারকদের ব্যবহৃত ডিভাইস আইডি ব্লক করার নির্দেশ দিল কেন্দ্র। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা বা ‘I4C’-এর প্রতিবেদনের ভিত্তিতে হোয়াটসঅ্যাপকে এই কঠোর নির্দেশ পাঠানো হয়েছে।
প্রতারকরা বারবার নতুন অ্যাকাউন্ট খুলে অপরাধ চালিয়ে যাওয়ায় এবার সরাসরি ডিভাইস-স্তরের বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে নতুন সেফটি ফিচার চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সরকারি আধিকারিকদের মতে, আইটি বিধিমালা ২০২১ অনুযায়ী ডিলিট করা অ্যাকাউন্টের তথ্য ১৮০ দিন পর্যন্ত সংরক্ষণ করা বাধ্যতামূলক, যা তদন্তে বিশেষ সহায়তা করবে। একইসঙ্গে প্রতারণায় ব্যবহৃত ক্ষতিকর APK ফাইল ও ভুয়ো অ্যাপগুলো শনাক্ত করে ব্লক করার জন্য একটি সুসংগত মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। মূলত পুলিশ বা আইন সংস্থার পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার এই প্রবণতা বন্ধ করতেই সরকারের এই সাঁড়াশি অভিযান।

