ডিজিটাল গ্রেপ্তারি রুখতে কড়া পদক্ষেপ: প্রতারণায় ব্যবহৃত ডিভাইস ব্লক করার নির্দেশ কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল গ্রেপ্তারি’ প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা বা ‘I4C’-এর প্রতিবেদনের ভিত্তিতে হোয়াটসঅ্যাপকে প্রতারণায় ব্যবহৃত নির্দিষ্ট ডিভাইস আইডিগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বারবার নতুন অ্যাকাউন্ট খুলে অপরাধ করার প্রবণতা ঠেকাতেই এখন থেকে সরাসরি ডিভাইস-স্তরের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, তদন্তের স্বার্থে আইটি বিধিমালা ২০২১ মেনে মুছে ফেলা অ্যাকাউন্টগুলোর তথ্য অন্তত ১৮০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এছাড়া, প্রতারণার কাজে ব্যবহৃত ক্ষতিকর এপিকে (APK) ফাইল এবং ভুয়ো অ্যাপগুলো শনাক্ত করে সেগুলো ব্লক করার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে হোয়াটসঅ্যাপে নতুন ‘সেফটি ফিচার’ চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
সাধারণত প্রতারকরা পুলিশ বা তদন্তকারী সংস্থার পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীদের মনে ভীতি সৃষ্টি করে অর্থ হাতিয়ে নেয়। এই ‘ডিজিটাল গ্রেপ্তারি’র জাল ছিঁড়তেই মূলত সরকার প্রযুক্তিগত কড়াকড়ি শুরু করেছে। সাধারণ মানুষকে এই ধরনের ভিডিও কল বা অচেনা লিঙ্ক থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

