লেটেস্ট নিউজ

ডিপফেক মামলায় বড় স্বস্তি গম্ভীরের, আপত্তিকর পোস্ট সরাতে মেটা-গুগলকে আদালতের নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ‘ডিপফেক’ ভিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দিল্লি হাইকোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা এসব কন্টেন্ট সরাতে আদালত মেটা, গুগল ও আমাজনকে নির্দেশ দিয়েছে। গম্ভীরের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এই অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে।

গম্ভীরের অভিযোগ, গত বছরের শেষ থেকে সামাজিক মাধ্যমে তাঁর পদত্যাগ বা সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়িয়ে সস্তায় জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের চেষ্টা চলছে। ১৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তিনি মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছেন। একটি ভিডিওতে তাঁর ভুয়া পদত্যাগের খবর প্রায় ২৯ লক্ষ বার দেখা হয়েছে বলে আইনজীবীরা জানান।

আদালত স্পষ্ট জানিয়েছে, জনমানসে বিভ্রান্তি ছড়ানো এবং ব্যক্তিগত মর্যাদাহানি রুখতে অবিলম্বে সংশ্লিষ্ট আপত্তিকর ইউআরএলগুলি সরিয়ে ফেলতে হবে। নিজের পরিচয় ও কণ্ঠস্বরের অপব্যবহার রুখতে গম্ভীরের এই আইনি লড়াই ডিজিটাল প্রতারণা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *