ডিম খেলে কি সত্যিই বাড়ছে ক্যানসারের ঝুঁকি? বড় তথ্য জানাল খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা! – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ডিম নিয়ে ছড়িয়ে পড়া ক্যানসারের আতঙ্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থাটি স্পষ্ট করেছে, ডিমে ক্যানসার সৃষ্টিকারী ‘নাইট্রোফিউরান’ রাসায়নিক ব্যবহারের খবর বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি নয়। পোল্ট্রি ফার্মিংয়ে এই রাসায়নিকের ব্যবহার আইনত নিষিদ্ধ এবং নজরদারি চালানোর জন্য যে অতি সামান্য মাত্রা নির্ধারিত থাকে, তা মানবদেহের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয়।
এফএসএসএআই-এর মতে, এখন পর্যন্ত কোনো জাতীয় বা আন্তর্জাতিক গবেষণায় ডিম খাওয়ার সাথে ক্যানসারের সরাসরি যোগসূত্র মেলেনি। কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা ব্যাচে ত্রুটি মিললেও তা গোটা দেশের ডিম সরবরাহের ওপর প্রভাব ফেলে না। প্রোটিন ও পুষ্টিগুণে ভরপুর ডিমকে একটি নিরাপদ খাদ্য হিসেবে উল্লেখ করে সাধারণ মানুষকে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এই সরকারি সংস্থা।

