ড্রোনের দাপটে কাঁপল কুয়েত বিমানবন্দর! ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে ভয়াবহ হামলা ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
১৫ শর্তে যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে কার্যত তোয়াক্কা করল না ইরান। মঙ্গলবার রাতে কুয়েত বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা চালাল তেহরান। সূত্রের খবর, ইরানের ছোড়া ড্রোন সরাসরি বিমানবন্দরের একটি বিশাল জ্বালানি ট্যাঙ্কে আঘাত করলে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় রাতের আকাশ।
কুয়েতের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কুয়েত সেনা এবং ন্যাশনাল গার্ড দাবি করেছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় শত্রুপক্ষের অন্তত ছ’টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। ফলে বড়সড় কোনো বিপর্যয় এড়ানো গিয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার পক্ষ থেকে ইরানে হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত। এর আগে ১৪ মার্চও কুয়েত বিমানবন্দরে রাডার সিস্টেম লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। যাত্রী নিরাপত্তার খাতিরে আপাতত বিমান চলাচল বন্ধ রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আঞ্চলিক সংঘাত নতুন করে ড্রোন হামলায় আরও জটিল রূপ নিল।

