ঢাকা সফরে জামাত আমিরের সঙ্গে ভারতের বিদেশ সচিবের বৈঠক, দ্বিপাক্ষিক কূটনীতিতে নতুন মোড়
বাংলাদেশের নবনির্বাচিত বিরোধী দলনেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। বিএনপি নেতা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরে এসে তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ায় শফিকুর রহমানকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন মিসরি।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়। ডা. শফিকুর রহমান ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের প্রশংসা করে আগামীতে আরও শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় হাইকমিশন এবং জামায়াতের পক্ষ থেকে এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, প্রতিবেশী দুই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি একটি বড় ধরনের কূটনৈতিক বাঁকবদলের ইঙ্গিত।
নির্বাচনী পরিসংখ্যানে দেখা গেছে, জামায়াত ও তাদের জোট এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসন লাভ করে প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে জামায়াত প্রার্থীদের জয় দিল্লির কাছে দলটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ফলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শাসক দল বিএনপির পাশাপাশি বিরোধী দল জামায়াতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মোদি সরকারের কৌশলগত কূটনীতির অংশ বলেই মনে করা হচ্ছে।

