লেটেস্ট নিউজ

তপ্ত রোদে পুড়ছে বাংলা, স্বস্তির বার্তা নিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী – এবেলা

এবেলা ডেস্কঃ

গরমে হাঁসফাঁস দশা থেকে এবার কি মুক্তি মিলবে? আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে রাজ্যজুড়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ মেঘলা হতে শুরু করবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আসল খেল শুরু হবে মঙ্গলবার থেকে।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বইতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির দাপট বেশি থাকার পাশাপাশি কোচবিহার ও দার্জিলিংয়ে শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কপালে কী আছে?

দক্ষিণাবাসীর জন্যও রয়েছে খুশির খবর। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে প্রায় সব জেলাতেই। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ধূলিঝড় ও বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বুধবার থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং পশ্চিমের জেলাগুলোতে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘর। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত কয়েকদিন মেঘ-বৃষ্টির খেলা চললেও এপ্রিলের শুরুতেই চড়বে তাপমাত্রার পারদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *