তরুণী চিকিৎসক বন্দনা দাসকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা, দোষী শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরলের কোল্লাম জেলায় কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসক বন্দনা দাসকে নৃশংসভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত শিক্ষক জি সন্দীপকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০২৩ সালের ১০ মে পুলিশের উপস্থিতিতেই একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বন্দনার ওপর কাঁচি নিয়ে প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্ত। শনিবার মামলার রায় ঘোষণা করে আদালত সন্দীপকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করে।
ঘটনার সূত্রপাত হয় যখন পুলিশ আহত সন্দীপকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। নিজের পায়ের ক্ষতের চিকিৎসা করার সময়ই হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে অভিযুক্ত শিক্ষক। সে হাতের কাছে থাকা সার্জিক্যাল কাঁচি দিয়ে বন্দনাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় কেরল স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা আইনেও মামলা দায়ের করা হয়েছিল।
আদালতের এই রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক বন্দনা দাসের পরিবার। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এলেও মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তাঁর বাবা-মা। বিচারপ্রক্রিয়া শেষ হওয়ায় কিছুটা স্বস্তি পেলেও, প্রকৃত ন্যায়বিচার হয়েছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বন্দনার বাবা। হাসপাতাল চত্বরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে এই মামলাটি জাতীয় স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

