তরুণ মুখে ভরসা বামেদের: ১৯২ আসনে প্রার্থীতালিকা ঘোষণা বিমান বসুর – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে শরিকি জট ও আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন। জোট প্রক্রিয়ার অনিশ্চয়তা সত্ত্বেও রাজনৈতিক লড়াইয়ে একধাপ এগিয়ে থাকতেই বামেদের এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।
ঘোষিত এই তালিকায় এবার একঝাঁক তরুণ ও নতুন মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে। দলের প্রবীণ নেতাদের পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সায়ন্দীপ মিত্র এবং কলতান দাশগুপ্তের মতো ছাত্র-যুব আন্দোলনের পরিচিত মুখদের ময়দানে নামিয়েছে সিপিআইএম। উত্তরপাড়া থেকে মীনাক্ষী এবং দমদম উত্তর কেন্দ্র থেকে দীপ্সিতার লড়াই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।
এছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন যাদবপুর থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শিলিগুড়ি থেকে শরদিন্দু চক্রবর্তী। মেখলিগঞ্জ থেকে নলহাটি পর্যন্ত বিস্তৃত এই তালিকায় সিপিআইএম ছাড়াও ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই-এর মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মূলত স্বচ্ছ ভাবমূর্তি এবং তারুণ্যের মিশেলে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বাম শিবির।

