তারেক না শফিকুর: পরিবর্তনের ভোটে আজ কার দখলে যাচ্ছে বাংলাদেশ?
বাংলাদেশে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐতিহাসিক ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৯৯টি আসনে সকাল ৭টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত চলবে এই লড়াই, যেখানে দীর্ঘ ১৮ বছর পর অদলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগ করছেন নাগরিকরা। আওয়ামী লীগহীন এই ময়দানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পুরনো মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। ১০ লাখ নিরাপত্তা কর্মীর কঠোর বেষ্টনীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর প্রশাসন।
একই সাথে আজ অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদের ওপর গুরুত্বপূর্ণ গণভোট। উচ্চকক্ষ গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করার মতো মৌলিক সংস্কারের ভাগ্য নির্ধারিত হবে এই ‘হ্যাঁ-না’ ভোটে। নির্বাচনের ফলাফল শুধু তারেক রহমান বা শফিকুর রহমানের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সংস্কার পরিকল্পনা এবং পর্দার আড়ালে থাকা শেখ হাসিনার রাজনৈতিক প্রাসঙ্গিকতার ওপরও চূড়ান্ত রায় দেবে আজকের এই ব্যালট যুদ্ধ।

