তালিবানকে দমনে পাকিস্তানের পাশেই ট্রাম্প প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এবার সরাসরি ইসলামাবাদকে সমর্থন জানাল ওয়াশিংটন। পাকিস্তানের ওপর ক্রমাগত বাড়তে থাকা তালিবানি হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন সাফ জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের পূর্ণ অধিকার রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিবৃতিতে আফগান তালিবানকে পুনরায় ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আমেরিকার সঙ্গে তালিবানের যে তিক্ততা তৈরি হয়েছিল, বর্তমান ট্রাম্প সরকার সেই অবস্থান আরও কঠোর করেছে। মার্কিন বিদেশ মন্ত্রকের দাবি, তালিবান শাসিত আফগানিস্তান বর্তমানে আন্তর্জাতিক সন্ত্রাসের নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যা সরাসরি পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় হুমকি।
বিগত কয়েক দিনে পাক-আফগান সীমান্তে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি আমেরিকা স্পষ্ট করে দিয়েছে যে, তালিবানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোকে রুখতে পাকিস্তান যে কঠোর সামরিক নীতি গ্রহণ করেছে, তার পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। ওয়াশিংটনের এই বার্তায় এটা স্পষ্ট যে, আফগান মাটিকে ব্যবহার করে প্রতিবেশী দেশে সন্ত্রাস ছড়ানোর বিষয়টিকে তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। বিশ্লেষকদের মতে, আমেরিকার এই সমর্থন পাকিস্তান সেনাবাহিনীকে তালিবান বিরোধী অভিযানে বাড়তি সাহস জোগাবে।

