লেটেস্ট নিউজ

তিনবার এড়িয়েছেন হাজিরা এবার সাতসকালে পুলিশ আধিকারিক মনোরঞ্জনের বাড়িতে পৌঁছে গেল ইডি – এবেলা

এবেলা ডেস্কঃ

কয়লা ও বালি পাচারকাণ্ডের তদন্তে ফের চরম সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের সিটি সেন্টারের আবাসনে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে বুদবুদ থানার ওসি থাকাকালীনও তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডি।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে ধৃত চিন্ময় মণ্ডলের সঙ্গে এই পুলিশ আধিকারিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, পাচারকারীদের থেকে ‘প্রোটেকশন মানি’ হিসেবে মোটা অঙ্কের টাকা নিতেন তিনি। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তাঁকে তিনবার সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান মনোরঞ্জন।

বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন মনোরঞ্জনের পাশাপাশি বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রানিগঞ্জ ও জামুরিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা নগদ উদ্ধার করেছিলেন আধিকারিকরা। সেই তদন্তের সূত্র ধরেই এবার এই পুলিশকর্তার বাড়িতে হানা দিল ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *