তিলোত্তমায় ‘মিনি গঙ্গাসাগর’: বাবুঘাটের প্রস্তুতি পরিদর্শনে হেভিওয়েটরা – এবেলা
এবেলা ডেস্কঃ
গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে তৈরি হচ্ছে বিশেষ ট্রানজিট পয়েন্ট, যা সাধু-সন্তদের উপস্থিতিতে হয়ে উঠেছে ‘মিনি গঙ্গাসাগর’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুণ্যার্থীদের সুবিধার্থে যাবতীয় পরিকাঠামো গড়ে তুলছে পুরসভা ও পূর্ত দফতর। অস্থায়ী এই শিবিরের ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে রয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ তিন মেয়র পারিষদ। ১৬ জানুয়ারি পর্যন্ত চলা এই তীর্থযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও নজরদারি বাড়ানো হয়েছে।
পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিয়ে এবার নিয়োগ করা হয়েছে অতিরিক্ত কর্মী। পানীয় জল, শৌচালয় ও জঞ্জাল অপসারণের কাজ নিরবচ্ছিন্ন রাখতে তিন শিফটে কাজ করবেন ১৩০ জন কর্মী। অগ্নিকাণ্ড রোধে ধুনি জ্বালানোর জায়গাগুলোতে থাকছে কড়া নজরদারি। গত শুক্রবার মেয়রের বৈঠকের পর প্রস্তুতি এখন তুঙ্গে, যাতে পুণ্যার্থীদের কোনো ভোগান্তির মুখে পড়তে না হয়। প্রশাসনিক এই তৎপরতায় সেজে উঠছে বাবুঘাট চত্বর।

