তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভিজল কলকাতা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে ঝেঁপে বৃষ্টি নামে। বিকেলের পর থেকেই আকাশ মেঘলা ছিল এবং সন্ধ্যা গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তরের মতে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় রবিবার থেকে দুর্যোগ বাড়তে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রাথমিক ভাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির দাপটে পরবর্তীকালে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

