তুষারপাত আর হাড়কাঁপানো ঠান্ডা, মঙ্গলের রাতেই বাংলার আবহাওয়ায় বড়সড় মোড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে রাজ্যে ফিরছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে এবং বুধবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট থাকলেও কলকাতার পারদ ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের সান্দাকফু, ঘুম ও চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রিতে নেমে আসায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে। জাঁকিয়ে শীতের এই আমেজ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

